পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের প্রক্রিয়ায় একাধিক অসংগতি সামনে আসায় পুরো এক্সামিনেশন সিস্টেম পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খাতা মূল্যায়নে বড় ধরনের গরমিল পাওয়া পরীক্ষকদেরও শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা মূল্যায়নপ্রক্রিয়ার দুর্বলতা সামনে এনেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর আগে এসএসসি পরীক্ষার প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

